বার্তা সংস্থা আবনা : ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তার দেশের শত্রুরা ভুল করলে যুদ্ধের ময়দানে ইরানি জনগণের কঠোর জবাবের মুখোমুখি হবে। ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ বোকায়ি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খোতবার আগে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে এক ভাষণে আরো বলেন, আমেরিকা ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর যে হুমকি দিচ্ছে তা মনস্তাত্ত্বিক যুদ্ধ ও বাগাড়ম্বর ছাড়া আর কিছু নয়।
তিনি বলেন, "শত্রুরা যদি ভুল করে তবে যুদ্ধক্ষেত্রে তার উপযুক্ত জবাব দেয়া হবে। ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের হুমকির জবাব দেয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করে দিয়েছেন যা অক্ষরে অক্ষরে পালন করা হবে।
গত মাসে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে এক বিশাল জনসমাবেশে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, আমেরিকা ও ইসরাইলের যে কোনো ধরনের হামলার জবাব দিতে এদেশের জনগণ পূর্ণ প্রস্তুত রয়েছে।
জেনারেল বোকায়ি বলেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষে ইরান বিরোধী হুমকিকে বাস্তব রূপ দেয়া সম্ভব নয় কারণ, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক সংকটে জর্জরিত রয়েছে অবৈধ এ দেশটি।
ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী দৃশ্যত তার দেশের বিরুদ্ধে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক এক হুমকির জবাব দিলেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল গত ২১ এপ্রিল ইসরাইলের ইরান বিরোধী বাগাড়ম্বরের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তেহরানের পক্ষ থেকে যে কোনো হুমকিকে সমানভাবে নিয়েছে তেলআবিব ও ওয়াশিংটন।
এর কয়েকদিন পর আজ (২৬ এপ্রিল) ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল বেনি গান্তয্ বলেন, সময় হলে ইরানের ওপর হামলা চালানো হবে কিনা তা যৌথভাবে ঠিক করবে ওয়াশিংটন ও তেলআবিব।